ইদানিং আমার সময় কাটে
কবিতা লিখে আর স্যাক্সোফোনের মিউজিক শুনে।
ইতালিয়ান মিউজিশিয়ান এনজো বুনোরিও
দারুণ বাজায়!
ওর বাজানোর স্টাইলে একটা মাদকতা আছে
যেভাবে একদিন আমাকে আচ্ছন্ন করেছিলে তুমি।
এ কবিতাটি যখন লিখছি
তখন এনজো বুনোরিও বাজাচ্ছে
A thousand years....
তোমাকে ভুলে থাকা বা না পাওয়ার কষ্টে নয়
বরং স্মৃতি রোমন্থনে আজও আমি কবিতা লিখি
মাঝে মাঝে পত্রিকায় ছাপা হয় কবিতা গুলো
ফেসবুকেও পোস্ট করি
আমার বন্ধু তালিকার অনেকেই আমার কবিতা পড়েন
লাইক দেন কমেন্ট করেন
অতি আগ্রহী কেউ কেউ সরাসরি ইনবক্সে ম্যাসেজ করেন - "কি ভাই ঘটনা কী! এত অস্থির প্রেমের কবিতা!
এ পৃথিবীর জন্য তুমি নিতান্তই একটি কবিতা হতে পারো
কিন্তু আমার জন্য তুমি এখনো গোটা পৃথিবী
এনজো স্যাক্সোফোনে সুর তুলেছে
You are the reason....
কবিতা লিখে লাভ কি বলো?
তুমি তো বাংলাই বোঝনা!
তাইতো তোমার নাম রেখেছিলাম ইংলিশ লেডি।
তখন কেবল তোমার সাথে পরিচয়
মাঝে মাঝে কথা হয়
দেখা করতাম না ইচ্ছে করেই।
তোমাকে দেখলেই টর্নেডো বয়ে যেত হৃদয় গভীরে।
অথচ কতদিন ভেবেছি তোমার চুলের গন্ধ নেব।
একদিন একটি অনুকাব্য লিখেছিলাম -
বিনাশ ও বিন্যাসে তুমি অতুলনীয়
ঠিক দুদিন পর আমাকে অবাক করে বলেছিলে-
কবিতাটা আমাকে নিয়ে লেখা তাইনা?
এরপর একের পর এক কবিতা লিখেছি
প্রতীক্ষা কবিতাটি তুমি বেশ পছন্দ করেছিলে
আমাকে জানিয়েছিলে
" তুমি, একটি ভীষণ তুমি "
এ লাইনটি তোমার খুব পছন্দ হয়েছে।
যেখানেই থাকো মনে রেখো
আমি এখনো তোমার রাজসভার কবি।
রাত আবার ফিরে এসেছে রাতের মায়ায়
নিস্তব্ধতা আমার জন্য নিয়ে এসেছে হাজারো না লেখা শব্দ
একটু পরেই ভিনসেণ্ট ভ্যানগগ আসবে
আমার একাকিত্ব ভাগ করে নিতে।
এনজো বুনোরিও বাজাচ্ছে -
Save your tears for another day..
----------------------------
২৫ অক্টোবর ২০২৫

No comments:
Post a Comment