ভিনসেণ্ট ও চুলের গন্ধ


 







ভিনসেণ্ট ও চুলের গন্ধ


প্যারিসে এনেছিলাম,
তোমার চুলের গন্ধ।
যে গন্ধ আমি বিলিয়েছি গোটা প্যারিসে।
প্যারিসের বাতাসে
নিয়নের আলোতে
কফি শপ
শিল্পীর ক্যানভাস
ইউরো, ফ্রেগনেন্স অথবা
নতুন বইয়ের মলাটে তাই
তোমার চুলের গন্ধ!

তোমার হাতের স্পর্শও এনেছিলাম।
মোনালিসার কাছে গচ্ছিত রেখেছি, সেই স্পর্শ।

তোমার চুলের অরণ্যে
কলা ভবন
টিএসসি
হুড খোলা রিক্সায়
চিলে কোঠায়
প্রচন্ড ঝড়ে
আংগুল হারিয়েছে অগনিত বার।
বেকারত্ব, অভাব আর
স্বপ্নে বিচরণ করা আমি,
তোমার চুলগুলো আকড়ে ধরে রাখতে পারিনি।
সহস্র শতাব্দীর মুগ্ধতায়
আমার হাতের মুঠোয় তোমার চুলের গন্ধ সমেত
অবশেষে প্যারিসের বুকে ঠাই হলো।

প্যারিস আমাকে দিয়েছে স্বাধীনতা।
একজন শিল্পীর স্বাধীনতা!
তোমার চুলের গন্ধ বিলিয়ে দেবার স্বাধীনতা।

আমার খুব জানতে ইচ্ছে করে
এখন তোমার চুলের অরণ্যে
কার আংগুল হারায়?
ওহ! তুমি তো জানোনা!
প্যারিসে আমার বন্ধু এখন ভিনসেণ্ট,
ভিনসেণ্ট ভ্যানগগ।
বিখ্যাত চিত্রশিল্পী।
আমাদের প্রায়ই দেখা হয়
কথা হয়।

ভিনসেণ্ট আমাকে অভিনন্দন জানিয়েছে।
বললো - তুমি ভাগ্যবান।
তোমার প্রেয়সীর চুলের গন্ধ আছে।
আমার কিছুই নেই!
আমার একটি কানও নেই।
এক রমনীর ভালবাসায় নিজের কানটি বিসর্জন দিয়েছিলাম।
তবুও সে আমার হয়নি।
এই শহরের প্রতিটি ইটের মাঝে লুকানো আছে আমার জন্য
তিরস্কার। প্রেমহীন দীর্ঘ রজনী।

আমার আর ভিনসেণ্ট এর সাথে
মাঝে মাঝে দেখা হয় ফরাসি শিল্পী
ক্লড মোনেট এবং এডগার দেগাসের।
আমরা চারজন ঘুমন্ত প্যারিসের রাস্তা ভ্রমণ করি।
তবে আমাদের আড্ডার প্রিয় জায়গা
আইফেল টাওয়ারের চূড়া।
নিয়ন আলোয় প্যারিসকে স্বপ্নের মত দেখায়।
ভিনসেণ্ট ছাড়া বাকি দুজন কম কথা বলে।
ওরা তোমার চুলের গন্ধ নেয়।
তারপর চলে যায়।

ভিনসেণ্টের মাঝে ইদানিং আমার প্রতিচ্ছবি দেখতে পাই।
ভালবাসার প্রত্যাখ্যান মানুষটিকে কতটা বিবর্ণ করেছে।
আমিও কি বিবর্ণ হতে চলেছি?

তোমার চুলের গন্ধ ছড়াচ্ছে
ভিনসেণ্ট ফিরে যাচ্ছে...
আর আপন মনে বলছে
ল্য ত্রিসতেসে দুরেরা পৌখতুযো
This sadness will last forever.

--------------------------------
১০ নভেম্বর ২০২২

No comments:

Post a Comment



আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।