প্রিয় মুনা
-------------
প্রিয় মুনা,
হ্যাপি নিউ ইয়ার!
অবাক হয়েছো?
দুনিয়াতে বাইচা থাকতে কখনো বলা হয়নি তোমাকে
তাই আজ বললাম।
তুমি গ্ল্যাড মানে খুশি হও নাই!
তুমি কেমন আছো মুনা?
জানোই তো সবকিছু ঘ্যাচাং করে হয়ে গেল।
এখানে বদি নাই মজনু নাই
চা নাই কলা নাই সিগারেট নাই
হাওয়া মে উড়াতা যায়ে লাল দোপাট্টা নাই
ফেসবুকও নাই যে তোমাকে দেখবো।
তবে এখানে ভিনসেণ্ট আছে।
ভিনসেণ্ট ভ্যানগগ। ঐ যে পাগলা আর্টিস্ট!
এক মহিলাকে ভালবেসেছিল।
তার ভালবাসা পাওয়ার জন্য,
ভিনসেণ্ট নিজের একটা এয়ার কাটিং মানে কান কেটে দিয়েছিল।
তবুও মহিলার ভালবাসা পায় নাই।
সেই শোকে একশো বত্রিশ বছর ধরে এখানেই আছে।
মুনা, কত্ত ঝাড়ি খাইছি তোমার
অথচ কালো চশমার আড়ালে
আমার চোখের পানি তোমার নজরে আসে নাই কখনো।
আমার লাশের পাশে দাঁড়ায়া ক্রাইং মানে কান্না করেছো
আমি শুনেছি এটা।
তোমাদের দেশে যত চোর ছেছড়া আছে
তারা মরলেই ভালো মানুষ হয়ে যায়
তাদের নিয়া শোক সভা হয়।
বলা হয়, বড় ভালো মানুষ ছিলেন। দেশের অপূরনীয় ক্ষতি হয়ে গেল।
আমিও একজন চোর ছিলাম, ছেছড়া ছিলাম।
আমার অপরাধ ছিল তোমাকে ভালবাসা।
আমার ছেছড়ামি ছিল প্রতিদিন তোমার অপেক্ষায় থাকা।
খুব জানতে ইচ্ছা করে মুনা,
আমাকে নিয়ে কোন শোক সভা হয়েছিল কী?
যাইহোক, আমার জন্য অনেক কষ্ট পেয়েছো।
পারলে পারডন মানে ক্ষমা করবা।
সবাই পারডন করতে পারেনা।
আমি জানি তুমি করবা।
মুনা,
আমি তোমাকে অনেক মিস করি।
এখানে আমার কোন কাজ নাই
আকাশ দেখি আর মেঘ দেখি
মেঘ আর আকাশের মাঝে তোমাকে খুজি।
ভিনসেণ্টকে বলেছি তোমার একটা পোট্রের্ট করে দিতে
মাশাল্লাহ তার কাজ খুবই উত্তম।
আমার একটা স্বপ্ন ছিল জানো?
তোমার আর আমার বডি টারমারিক মানে গায়ে হলুদ হবে
আমাদের বিয়ে হবে, ঘর হবে।
আমাদের উঠানে বাচ্চারা খেলা করবে।
তুমিই বলো মুনা, দুনিয়ায় টাকাই সব!
টাকায় ভাইটামিন নাই।
ভাইটামিন আছে ভালবাসায়।
আচ্ছা তুমি অবসরে কি করো?
হিন্দি ছবি দেখো?
তোমার প্রিয় হিরো মানে নায়ক কে?
অক্ষয় কুমার না সুনীল শেঠি?
আমি তো তাদের মত স্মার্ট ছিলাম না
এজন্যই কি আমাকে ভালবাসতে পারো নাই?
তোমার কোন দোষ নাই মুনা।
এই পৃথিবীর সবচেয়ে বেশি বলা বাক্য
আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালবাসি
এই কথাটা আমি তোমাকে বলতে পারি নাই।
এর কারণ কি জানো?
তুমি যখন এংরি মানে রাগ করে আমাকে ঝাড়ি দিতা
তখন আমার কি যে ভালো লাগতো
কিভাবে বোঝাবো তোমাকে!
বদি জানে সে কথা।
মুনা,
আমার কেউ নাই
কোথাও কেউ নাই।
দুনিয়াতেও ছিলনা, এখানেও নাই।
রাস্তার মানুষ আর টাকা ছাড়া মানুষদের
কেউ ভালবাসেনা।
এটাই ফ্যাক্ট মানে সত্য।
তাইতো আজ আমি
হাওয়া মে উড়াতা যায়ে
লাল দোপাট্টা হয়ে ভেসে বেড়াচ্ছি সীমাহীন আকাশে।
তোমার কাছে একটা অনুরোধ
যদি কোনদিন কাউকে ভালবাসো
এক সাগর মন দিয়া ভালবাসবা।
অনেক ভালো থাকো মুনা।
ইতি,
বাকের ভাই।
---------------------------
৩১ ডিসেম্বর ২০২২

No comments:
Post a Comment